জামায়াত আমিরের বাসায় ধর্ম উপদেষ্টা

0
64

অসুস্থতার খবর শুনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে তার বাসায় গেছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ রবিবার জামায়াত আমিরের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান রবের কাছে দোয়া করেন উপদেষ্টা।

জামায়াতের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, সেখানে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমির ডা. খালিদুজ্জামান।

প্রসঙ্গত, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। গতকাল বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম দফায় পড়ে যান তিনি। পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। এর মিনিট পরেই উঠে দাঁড়িয়ে আবার বক্তব্য দেওয়া শুরু করেন তিনি। এ সময় তাকে নেতাকর্মীরা ধরে রাখেন। এমন অবস্থায় কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পর আবার বসে পড়েন তিনি।

এ সময় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘গরমের জন্য আমিরে জামায়াত সামান্য অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা বলেছেন, তার আর বক্তব্য দেওয়া ঠিক হবে না।’

তবে কিছুক্ষণ পর না দাঁড়িয়ে মঞ্চে ডায়াসের পাশে পা মেলে বসে বক্তব্য দেন জামায়াত আমির। এ সময় তার পাশে চিকিৎসকদের দেখা যায়। তিনি বসেই প্রায় ১০ মিনিট বক্তব্য দেন। তার বক্তব্যের মধ্য দিয়েই শেষ হয় দলটির জাতীয় সমাবেশ।

সমাবেশ শেষে রাজধানীর একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় জামায়াত আমিরের। সেখানে তাকে দেখতে যান বিএনপি মহাসচিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রাতেই বাসায় ফেরেন জামায়াত আমির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here