শিশু সন্তানের ভরণপোষণের অভাবে মায়ের আত্মহত্যা

0
212

শিশু সন্তানের ভরণপোষণ ও পারিবারিক কলহের জেরে মানিকগঞ্জ সদর উপজেলায় আখি আক্তার (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে।

শনিবার সকালে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তা বড়ইনগর এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আখি আক্তার ঘোস্তা বড়ইনগর এলাকার সৌদি প্রবাসী জুয়েল মিয়ার স্ত্রী। এবং ১৫ মাস বয়সী এক পুত্র সন্তানের জননী ছিলেন।

নিহতের মামা আল-আমিন খান বলেন, প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে আখি আক্তারের স্বামী সৌদি আরবে চলে যান। এরপর থেকে আখি তার শাশুড়ি, ননদ এবং দেবরের স্ত্রীর মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। বিষয়টি একাধিকবার আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি।

তিনি আরও বলেন, আখির সন্তান জন্মের পর তার স্বামী ভরণপোষণের খরচ বন্ধ করে দেন। এসব ঘটনার জেরে শিশু সন্তানের ভরণপোষণের চিন্তা এবং পারিবারিক কলহের কারণে আখি বাড়ির বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) দেব দুলাল জানান, খবর পেয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা (ইউডি) দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here