ইসরাইলের নতুন করে বসতি স্থাপন: ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনাকে ‘কবর’ দিতে পারে

0
55

অধিকৃত পশ্চিম তীরে হাজার হাজার নতুন আবাসন ইউনিট নির্মাণের বিতর্কিত পরিকল্পনার কথা জানিয়েছে ইসরাইল। এটি বাস্তবায়িত হলে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণার কবর হবে বলে মন্তব্য করেছেন ইসরাইলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) পরিকল্পিত নির্মাণস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্মোট্রিচ ৩,৪০১টি নতুন আবাসন ইউনিটের অনুমোদনের বিষয়টি ঘোষণা করেন।

স্মোট্রিচ নিশ্চিত করেছেন যে, সরকার জেরুজালেমের পূর্বে দীর্ঘদিন ধরে আটকে থাকা একটি প্রকল্প পরিকল্পনা করছে। এটি আগামী সপ্তাহে অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে।

তিনি এই পদক্ষেপটিকে ইসরাইলের প্রতিক্রিয়া হিসেবে উপস্থাপন করেছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে।

কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের যেকোনো সম্ভাবনাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। গত বছর ইসরাইলি নেসেটে পাস হওয়া একটি প্রস্তাবে এই অবস্থান আরও জোরদার করা হয়।

স্মোট্রিচ বলেন, ‘তারা একটি ফিলিস্তিনি স্বপ্নের কথা বলবে, এবং আমরা একটি ইহুদি বাস্তবতা গড়ে তোলা চালিয়ে যাব। এই বাস্তবতাই একটি ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে স্থায়ীভাবে সমাহিত করবে, কারণ স্বীকৃতি দেয়ার মতো কিছুই নেই এবং স্বীকৃতি দেয়ার মতো কেউ নেই।’

সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনার কথা জানায়। তবে ইসরাইল এ ধরনের উদ্যোগের নিন্দা জানিয়েছে। এরপর বসতি স্থাপনের এ ঘোষণা দেয়া হলো।

এছাড়া স্মোট্রিচ বারবার নেতানিয়াহুকে অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করার এবং সমগ্র ভূখণ্ডে ইসরাইলি সার্বভৌমত্ব প্রয়োগের জন্য তদবির করেছেন।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here