কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে অবিলম্বে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরুর দাবি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের একাংশ। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার পর এ দাবি উঠেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর এক স্মারকলিপি জমা দিয়েছেন তারা।
স্মারকলিপিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এএফএম শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও রাষ্ট্রীয় ও প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে।
আরও উল্লেখ করা হয়েছে, শাহীনুল ইসলাম বিতর্কিত এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর ফ্রিজ করা একটি ব্যাংক হিসাব থেকে অবৈধভাবে ১৯ কোটি টাকা উত্তোলনের অনুমতি দিয়েছেন। এ ধরনের আচরণ বিএফআইইউয়ের মতো সংবেদনশীল সংস্থার নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শাহীনুল ইসলামের যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।
২০২৪ সালের ৫ আগস্টের আগে রাজনৈতিক ও দলীয় বিবেচনায় বাংলাদেশ ব্যাংকে নিয়োগপ্রাপ্তদের বিষয়ে ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
এর আগে, সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মানসুর জানান, বিএফআইইউ প্রধানকে জড়িয়ে অনলাইনে ছড়িয়ে পড়া বিতর্কিত ভিডিও নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

