রোনালদোর রেকর্ড, পর্তুগালের দুইয়ে দুই

0
52

শুরুর ধাক্কা সামলে দলকে সমতায় ফেরালেন বের্নার্দো সিলভা। স্পট কিকে রেকর্ড বইয়ে নাম লেখালেন ক্রিস্তিয়ানো রোনালদো। শেষ দিকে আচমকা আরেক গোলে অসাধারণ কিছুর সম্ভাবনা জাগাল হাঙ্গেরি। তবে পরক্ষণেই জোয়াও কান্সালোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল পর্তুগাল।

বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে পর্তুগাল।

ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় হাঙ্গেরি। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে হেডে গোলটি করেন বার্নাবাস ভার্গা।

৩৬তম মিনিটে জোয়াও কান্সেলোর পাস ধরে, ছয় গজ বক্সের বাইরে থেকে জোরাল শটে সমতা ফেরান বের্নার্দো সিলভা।

পর্তুগাল ৫৮তম মিনিটে রোনালদোর সফল স্পট কিকে এগিয়ে যায়। ডি-বক্সে তার শটেই বল লোইক নিগুর হাতে লাগলে পেনাল্টিটি পায় তারা।

জাতীয় দলের হয়ে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ২২৩ ম্যাচে ১৪১টি।

বিশ্বকাপ বাছাইয়ে তার মোট গোল হলো ৩৯টি। এতদিন সমান গোল নিয়ে এই তালিকায় চূড়ায় ছিলেন কার্লোস রুইস। তার পাশে বসলেন পাঁচবারের ব্যালন দ’র জয়ী।

৮৪তম মিনিটে আবার প্রতিপক্ষকে চমকে দিয়ে সমতায় ফেরে হাঙ্গেরি, হেডে গোলটি করেন ভার্গা।

তবে তাদের উচ্ছ্বাস দুই মিনিটও স্থায়ী হয়নি। পর্তুগালকে ফের এগিয়ে নেন কান্সেলো। সিলভার পাস পেয়ে বক্সের বাইরে থেকে শটে গোলটি করেন আল হিলালের ডিফেন্ডার।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে পর্তুগাল। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্মেনিয়া। হাঙ্গেরি ও রিপাবলিকে অব আয়ারল্যান্ডের পয়েন্ট ১ করে।