মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনা: বাবা-মেয়ের মৃত্যু, আহত ৪

0
52

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা ও তিন বছরের মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঠাকুরদীঘি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা গোলাম সারোয়ার (৪৩) ও তার মেয়ে মুসকান (৩)।

জানা যায়, পরিবার ও সহকর্মীকে নিয়ে মাইক্রোবাসে চট্টগ্রাম ভ্রমণে যাচ্ছিলেন গোলাম সারোয়ার। পথে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসটি (নোয়াহ) ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাবা-মেয়ে প্রাণ হারান।

দুর্ঘটনায় গোলাম সারোয়ারের স্ত্রী উম্মে সালমা (৩৩), ছেলে ইমতিয়াজ আহমেদ (৯), গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০) ও সহকর্মী সাগর (৩০) আহত হন।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা সাহ্লাঞো মারমা জানান, দুর্ঘটনার পর চারজনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।