ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট দখলকৃত ইয়াফায় হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লাখো ইসরাইলি আশ্রয়কেন্দ্রে ছুটে যায় বলে জানিয়েছেন বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।
ইয়েমেনের আল-মাসিরাহ টিভি জানায়, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিট সফলভাবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ‘প্যালেস্টাইন–২’ নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইয়াফার সংবেদনশীল এলাকায় আঘাত হানে। সারির ভাষ্যমতে, এ অভিযানে পুরোপুরি সফলতা এসেছে, যার ফলে দখলদার এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বসতি স্থাপনকারীরা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়।
তিনি বলেন, “গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সমর্থন দেওয়া থেকে ইয়েমেন কখনো পিছিয়ে যাবে না। জায়োনিস্ট শত্রু যদি ইয়েমেনের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালায়, তা হলে আমাদের ফিলিস্তিনি ভাইদের সমর্থনে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প আরও দৃঢ় হবে।”
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দখলদার ইসরাইল গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে। তখন থেকেই ইয়েমেনি হুথিরা প্রকাশ্যে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে সমর্থন জানাচ্ছে।
অন্যদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর চলমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন নিহত হয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন মোট ৬৪ হাজার ৭৫৬ জন ফিলিস্তিনি।
সূত্র : মেহের নিউজ

