হালাল সার্টিফিকেশন কার্যক্রমে ওআইসির সহযোগিতা চান ধর্ম উপদেষ্টা

0
73

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে হালাল সার্টিফিকেশন কার্যক্রমকে আরও কার্যকর করতে ওআইসির সহযোগিতা প্রয়োজন। পাকিস্তানের ইসলামাবাদে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্পর্কিত স্থায়ী কমিটি (COMSTECH) সেন্টার পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. খালিদ বলেন, ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশন হালাল সার্টিফিকেশন নিয়ে কাজ করছে। এ বিষয়ে তুরস্ক ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি প্রস্তাব করেন, ওআইসির তত্ত্বাবধানে কমস্টেক সেন্টারের কারিগরি সহায়তায় বাংলাদেশে হালাল সার্টিফিকেশনের সঙ্গে যুক্ত কর্মীদের সক্ষমতা বৃদ্ধি করা যেতে পারে।

এ ছাড়া, উগান্ডায় হালাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগের প্রতিও তিনি সমর্থন জানান।

ধর্ম উপদেষ্টা পাকিস্তানের লাহোর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ১০০টি বৃত্তি প্রদানের জন্য কমস্টেককে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ উদ্যোগ বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ করে দেবে। পাশাপাশি কোরআন-হাদিসে দৃঢ় ভিত্তি থাকা মাদরাসা শিক্ষার্থীদের জন্যও এ ধরনের সুযোগ প্রসারিত করা জরুরি। এতে তারা চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবে।

মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে ড. খালিদ বলেন, “মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে আমাদের ইসলামের পতাকার নিচে, কোরআন ও হাদিসের নির্দেশনামতে ঐক্যবদ্ধ হতে হবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ছাড়া আমরা অগ্রসর হতে পারব না।”

এ সময় পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ এবং কাউন্সিলর (প্রেস) মোহাম্মদ তৈয়ব আলী উপস্থিত ছিলেন।