কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিশেষ অভিযানে ১২ জন মানবপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শাহপীরদ্বীপ উপকূল ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি বুধবার (১৭ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
বিজিবি জানায়, সম্প্রতি টেকনাফ সীমান্ত দিয়ে সাগরপথে মানবপাচার বেড়েছে। ওই সময় পাচারের চেষ্টা চলাকালে ধৃতদের আটক করা হয়।
সংঘবদ্ধ কয়েকটি চক্র দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে বাংলাদেশ হয়ে সমুদ্রপথে মালয়েশিয়া পর্যন্ত মানবপাচারে জড়িত। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় তারা বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের প্রলোভন দেখিয়ে বিদেশ পাঠানোর নামে আটক করে অর্থ আদায়সহ নানা অনিয়ম করে আসছিল।
অভিযানে আটক আসামিদের মধ্যে স্থানীয় বাসিন্দা ছাড়াও রোহিঙ্গা শিবিরে থাকা মিয়ানমারের নাগরিক রয়েছে। তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার হওয়া ১১ জন ভুক্তভোগীকে স্বজনদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লে. কর্নেল আশিকুর রহমান জানান, চলতি বছরের শুরু থেকে বিশেষ অভিযানে ৬২ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। তবে চক্রের কয়েকজন মূল হোতা এখনো পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মানবপাচার চক্রের সঙ্গে মাদক চোরাচালান, অপহরণ ও রোহিঙ্গা ক্যাম্পের অপরাধচক্রের যোগসূত্র রয়েছে। সীমান্ত এলাকায় এসব অপরাধ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

