সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গে পৌঁছেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশের প্রথম চালান উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্থলবন্দরে এসে পৌঁছে।
ইলিশগুলো ট্রাক থেকে নামিয়ে এপার বাংলার ট্রাকে তোলা হয়েছে এবং সেগুলো সরাসরি হাওড়ার বৃহত্তম পাইকারি মাছের বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন খুচরা বাজারে মিলবে এই বহুল প্রতীক্ষিত ইলিশ, ফলে পূজার আগে ভোজনরসিকরা স্বাদ নিতে পারবে পদ্মার রুপালি।
‘মাৎস আমদানিকারক সমিতির’ সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানিয়েছেন, প্রথম লটে ইলিশের দাম কিছুটা বেশি থাকবে। প্রতি কেজি ইলিশ পাইকারি বিক্রি হবে ১,৫০০ থেকে ১,৬০০ রুপিতে এবং খুচরা বাজারে দাম হবে ১,৭০০ থেকে ১,৮০০ রুপি। তবে বাংলাদেশ থেকে বেশি পরিমাণ ইলিশ এলে ধীরে ধীরে দাম কমে আসবে।
চলতি বছর বাংলাদেশ সরকার ৩৭টি প্রতিষ্ঠানকে মোট ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।

