স্বাস্থ্যখাতের আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে

0
40

স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে প্রায় ৭৫ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলায় আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন দুর্নীতি দমন কমিশন (দুদক) মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। তবে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান থেকে মিঠুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিঠুর মালিকানাধীন লেক্সিকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্রেট নামের প্রতিষ্ঠানের মাধ্যমে জমি, ফ্ল্যাট, বাড়ি, শেয়ার ও ব্যাংক হিসাবসহ প্রায় ৭৫ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে বৈধ উৎস দেখাতে সক্ষম হয়েছেন মাত্র ৭১ লাখ ৪৯ হাজার টাকার। ফলে অসঙ্গতিপূর্ণ সম্পদ দাঁড়ায় প্রায় ৭৫ কোটি ৮০ লাখ টাকা।

প্রতিবেদন অনুযায়ী, মিঠু কেবল জমি, প্লট ও বাড়িই নয়; বরং স্বর্ণালংকার, গাড়ি, ব্যাংক হিসাব, আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীতেও বিপুল বিনিয়োগ করেছেন। একই সঙ্গে তার পরিবারের ব্যয় ধরা হয়েছে প্রায় ৭১ কোটি ৪৫ লাখ টাকা।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপারসে মিঠুর নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, তার ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে স্বাস্থ্য খাতে সরঞ্জাম সরবরাহ ও উন্নয়নকাজে প্রভাব খাটিয়ে তিনি বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।

দীর্ঘদিন ধরেই মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে স্বাস্থ্য খাতের “মাফিয়া” হিসেবে আখ্যায়িত করা হয়ে আসছে।