জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়।
বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পিআর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি পিআরের পক্ষে নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রয়োজন নেই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে এবং অনেক বিষয়ে বিএনপি একমত হয়েছে। তিনি বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। নির্বাচিত পার্লামেন্টই সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে পারে।
জামায়াতসহ কয়েকটি দলের বিক্ষোভ মিছিল নিয়ে তিনি বলেন, আলোচনার সময় এ ধরনের কর্মসূচি অহেতুক চাপ সৃষ্টি করে, যা গণতন্ত্রের জন্য এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শুভ নয়। আওয়ামী লীগের পতনের পর বিএনপি কোনো ইস্যুতে রাজপথে আসেনি, বরং আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছে। জুলাই সনদও আলোচনার মাধ্যমেই বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তার ভূমিকা নিয়ে এখনো আলোচনা হয়নি। তবে তিনি মনে করেন, গণতন্ত্রের উত্তরণ এবং দেশের উন্নয়নই সেখানে মূল বিষয় হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবে দেশের জনগণকেই নিতে হবে। বিদেশি সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই।

