দেশজুড়ে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
শনিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগেও কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) একই ধরনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে বৃষ্টিপাত কিছুটা কমলেও দেশের বিভিন্ন বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, বর্ধিত পাঁচ দিনের মধ্যে শুরুর দিকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও শেষ দিকে আবার বাড়তে পারে।

