এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ রাতে প্রতিবেশী দেশ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হবে টাইগারদের, তাই কৌশলের কোনো বিকল্প নেই। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশকে বিশেষ কিছু কৌশল শিখিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।
চলতি টুর্নামেন্টে ভারত এখনো পর্যন্ত অপরাজিত। গ্রুপপর্বে পাকিস্তান, ওমান ও হংকংকে হারানোর পর সুপার ফোরেও তারা পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে। তবে এমন শক্তিশালী দলকেও হারানো বাংলাদেশের পক্ষে সম্ভব বলে মনে করেন মাঞ্জরেকার। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারতকে হারানো অসম্ভব না, বর্তমান ফর্মে বাংলাদেশই এই টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল।”
নিজ দেশের শক্তি ও দুর্বলতা তুলে ধরে মাঞ্জরেকার বলেন, ভারতের বোলিং কিছুটা দুর্বল এবং চাপে পড়লে তারা ভেঙে পড়তে পারে। স্পিন শক্তিশালী হলেও কুলদীপ-বরুণদের দেখে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। তার মতে, হার্দিক ও দুবের মতো পেসারদের ওপর চড়াও হওয়া উচিত বাংলাদেশের ব্যাটসম্যানদের। অন্যদিকে, ভারতের শক্তিশালী ব্যাটিংয়ের বিপক্ষে মাঞ্জরেকার বাংলাদেশি বোলারদের পরামর্শ দিয়েছেন, সবকিছু সাধারণ রেখে স্টাম্প টু স্টাম্প বল করে যেতে। তার মতে, “ব্যাটার মিস করবে এমন আশা করাটাই শক্তিশালী দলকে হারানোর একমাত্র উপায়।”


