এশিয়া কাপের অঘোষিত সেমি-ফাইনালে অলরাউন্ড নৈপুণ্যে দলের জয় নিশ্চিত করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনি তার এই স্বীকৃতি স্ত্রী ও পুত্রের জন্য উৎসর্গ করেছেন।
বাংলাদেশের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে আফ্রিদি প্রথমে ব্যাট হাতে ১৩ বলে ২ ছক্কায় ১৯ রানের গুরুত্বপূর্ণ ক্যামিও ইনিংস খেলেন, যা পাকিস্তানকে চ্যালেঞ্জিং পুঁজি গড়তে সাহায্য করে। পরে বল হাতে তিনি ছিলেন আরও বিধ্বংসী। মাত্র ৪ ওভারে ১৭ রান খরচ করে তিনি ৩টি মূল্যবান উইকেট শিকার করেন। পাওয়ার প্লেতেই তার জোড়া আঘাতে বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে যায়, আর সেখান থেকে ম্যাচে ফিরে আসার সুযোগ পায়নি টাইগাররা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে শাহিন আফ্রিদি বলেন, “আমি এই পুরস্কার আমার সুন্দরী স্ত্রী ও পুত্রকে উৎসর্গ করতে চাই। তারা এখানে আছে, তাদেরকে উৎসর্গ করছি।”
কম পুঁজি নিয়েও দ্রুত উইকেট তুলে নেওয়ার কৌশলই যে তাদের এগিয়ে দিয়েছে, সে কথা স্বীকার করেন এই বাঁহাতি পেসার। আফ্রিদি বলেন, “অল্প পুঁজির ক্ষেত্রে আপনার দ্রুত ব্রেক থ্রু দিতে হয়। আমাদেরও সেরকমই পরিকল্পনা ছিল। পাওয়ার প্লের ওই ৩ ওভার পার্থক্য গড়ে দিয়েছে আমার মতে।” উল্লেখ্য, বাংলাদেশ তাসকিন আহমেদ, রিশাদ হোসেনদের বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে ১৩৫ রানে আটকে দিয়েছিল। কিন্তু শুরুতেই উইকেট হারিয়ে তারা নিজেরাই চাপে পড়ে যায়।

