ঢাকার বায়ুমান সহনীয় পর্যায়ে, দূষণের শীর্ষে লাহোর

0
70

আজ সোমবার ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে থাকলেও গতকালের তুলনায় বায়ুমানের কিছুটা অবনতি হয়েছে। বায়ুমান নিয়ে কাজ করা সুইস সংস্থা আইকিউএয়ারের সকাল ১০টা ২০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) দাঁড়িয়েছে ৭৩। গতকাল রবিবার এই সূচক ছিল ৬৯।

বিশ্বের বায়ুদূষিত শহরগুলোর তালিকায় আজ ঢাকা ২৪তম অবস্থানে রয়েছে। গতকাল ছিল ৩১তম অবস্থানে। বর্তমানে দূষিত বাতাসের শীর্ষে আছে পাকিস্তানের লাহোর (১৮২)। এরপরে রয়েছে উগান্ডার কাম্পালা (১৫৯), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৫৮), সেনেগালের ডাকার (১২৯) এবং পাকিস্তানের করাচি (১১৯)।

আইকিউএয়ারের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাতাসে দূষণের প্রধান উৎস হলো অতিক্ষুদ্র বস্তুকণা। এই দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, ১০০ এর নিচে বায়ুমান সহনীয় ধরা হলেও, ৫১-১০০ পর্যন্ত সংবেদনশীল ব্যক্তিদের জন্য সতর্কতামূলক।

বায়ুদূষণজনিত স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। একটি ব্রিটিশ মেডিকেল জার্নালের গবেষণা অনুযায়ী, জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট বায়ুদূষণ প্রতি বছর ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের কারণে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

এই পরিস্থিতি মোকাবিলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। এছাড়া, ইটভাটা ও শিল্পকারখানার মালিকদের কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ব্যবহার করা এবং পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করার অনুরোধ জানানো হয়েছে।