দুর্গাপূজাকে কেন্দ্র করে গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা রুজু হয়েছে এবং মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এই তথ্য জানান।
আইজিপি বলেন, এই ঘটনাগুলোর কোনোটিই বড় ধরনের বিপত্তি তৈরি করেনি এবং পুলিশ শান্তিপূর্ণভাবে সেগুলোর নিষ্পত্তি করেছে। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, সে জন্য পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।
বিচ্ছিন্ন ঘটনাগুলোর ধরন সম্পর্কে জানতে চাইলে আইজিপি জানান, এগুলোর মধ্যে পূজার প্যান্ডেলে পানি নিক্ষেপ, প্রতিমা হেলে পড়ে যাওয়া, পূজা কমিটির নেতাদের কাছে চাঁদা দাবি, ভ্যান থেকে প্রতিমা ভেঙে যাওয়া, প্যান্ডেলের চাঁদোয়া ব্লেড দিয়ে কেটে দেওয়া এবং জামায়াত কর্মী পরিচয়ে মণ্ডপে গিয়ে গান বন্ধের নির্দেশ দেওয়ার মতো ঘটনা রয়েছে।
জামায়াত কর্মী পরিচয়ে গান বন্ধের নির্দেশ দেওয়ার ঘটনাটি সম্পর্কে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম ও অপস) খোন্দকার রফিকুল ইসলাম জানান, ঘটনাটি চট্টগ্রামে ঘটেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্থানীয় জামায়াত নেতারা দাবি করেছেন যে ওই ব্যক্তির সঙ্গে দলটির কোনো সম্পর্ক নেই।


