মা ইলিশ রক্ষায় অভিযান: কলাপাড়ায় ৬ জেলের জরিমানা

0
45

মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা অমান্য করে রাবনাবাদ নদীতে বড়শি দিয়ে মাছ শিকারের দায়ে পটুয়াখালীর কলাপাড়ায় ৬ জেলেকে ৩,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেক জেলেকে ৫০০ টাকা করে এই জরিমানা করা হয়।

সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে মা ইলিশ রক্ষার বিশেষ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক এই জরিমানা আদায় করেন। এ সময় কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা এবং পায়রা বন্দর নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, রাতে অভিযান চলাকালে রাবনাবাদ নদীর লালুলা, বালিয়াতলী ও ধলাস্বর পয়েন্ট থেকে মাছ শিকাররত অবস্থায় ৬ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন— মহারাজ খান, সামসুল হক, কামরুল আকন, রাসেল চৌকিদার, জাকির হাওলাদার ও সোহাগ হাওলাদার।

তিনি আরও জানান, মা ইলিশের ২২ দিনের অবরোধ সফল করতে নদী ও সাগরে মৎস্য বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে।