মাগুরায় ৯.৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0
74

মাগুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ঢাকা-মাগুরা মহাসড়কের বিএডিসি অফিসের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬ এর সিপিসি ঝিনাইদহের মেজর মো. নাইম আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— নাসির হোসেন (৩৫): মাগুরা সদর উপজেলার রুপাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও ইমান উদ্দিন (৩২): সদর উপজেলার জগদল ঠাকুরভিটা এলাকার খলিলুর রহমানের ছেলে।

র‍্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে দুই ব্যক্তি গাঁজা নিয়ে যাচ্ছিলেন। এরপর ওই স্থানে একটি চেকপোস্ট বসিয়ে অটোরিকশাটি থামানো হয়। তল্লাশির পর অটোরিকশাটি থেকে ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে মাগুরা ও আশপাশের এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রির সঙ্গে জড়িত। উদ্ধার করা মাদকদ্রব্য ও অটোরিকশা জব্দ করে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তদন্তের মাধ্যমে মাদক চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করা হবে।