গাজায় হামাসের স্নাইপার হামলায় ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত

0
47

ফিলিস্তিনের গাজা সিটিতে হামাসের এক স্নাইপারের গুলিতে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহত রিজার্ভ সদস্যের নাম মাইকেল মরদেখাই নাখমানি (২৬)। তিনি দিমোনা এলাকার বাসিন্দা ছিলেন এবং আইডিএফ-এর ৬১৪তম কমব্যাট ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের (প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ বিভাগের অধীন) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এই স্নাইপার হামলার ঘটনাটি এমন সময়ে ঘটল যখন বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি নিয়ে মিশরের কায়রোতে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের মধ্যে আলোচনার অগ্রগতি হয়েছে।

এর আগে ইসরায়েলের মন্ত্রিসভা গাজার সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী একদিনের মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এবং তিন দিনের মধ্যে বন্দিদের মুক্তি দেওয়ার কথা রয়েছে। এই সমঝোতাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের জন্য একটি কূটনৈতিক ও নৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। এই আলোচনার অগ্রগতির মধ্যেই এই হামলার ঘটনা পরিস্থিতিকে ফের উত্তেজনাপূর্ণ করে তুলল।

সূত্র: টাইমস অফ ইসরায়েল