ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব চম্পকনগর এলাকায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ হওয়া এসব মাদকের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
বিজিবি জানায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবি চম্পকনগর বিওপির টহলদল পূর্ব চম্পকনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত সীমান্তের কাছাকাছি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে ছিল ৪০ কেজি ভারতীয় গাঁজা এবং এক বোতল ভারতীয় মদ।
ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় জমা করার প্রক্রিয়া চলছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

