রাজশাহীর গোদাগাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণ, দুই নারীসহ দগ্ধ ৭

0
63

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিগ্রাম এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনায় দুই নারীসহ সাতজন দগ্ধ হয়েছেন।

দগ্ধদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের সিনিয়র নার্স আব্দুস সালাম জানান, দগ্ধদের মধ্যে পাঁচজন রামেক হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন: জলাশ্বরী (৩৫): গোদাগাড়ী, সহাপানিয়া, রাজিকুল (৬৫): গোদাগাড়ী, মাটিকাটা, একরামুল (৫৪): নওগাঁ, নিয়ামতপুর, হাজরা পুকুর, রনি (২৫): নওগাঁ, নিয়ামতপুর, পুড়াপাড়া, হামিম (২০): চাঁপাইনবাবগঞ্জ, সোনা মসজিদ।

তাছাড়া, তানোর উপজেলার সখিনা (৩৫) এবং গোদাগাড়ী পৌরসভার রায়হান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দিগ্রাম এলাকায় একটি পার্কের সামনে এক বেলুন বিক্রেতা তার সিলিন্ডারে থাকা হিলিয়াম গ্যাস বেলুনে ভরছিলেন। ঠিক সেই সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে বেলুন বিক্রেতাসহ কাছাকাছি থাকা পাঁচজন দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠান।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে রায় বলেন, আহত সবাইকে বার্ন ইউনিটের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। তবে তাদের শারীরিক অবস্থার বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।