লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় এক যুবক আটক

0
35

লক্ষ্মীপুরের রামগঞ্জে গৃহবধূ জুলেখা (৫৫) ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীমকে (১৯) গলা কেটে হত্যার ঘটনায় সোহেল রানা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

আটক সোহেল রানা রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর গ্রামের মোজাম্মেল হোসেন বাহারের ছেলে। তিনি নিহতদের আত্মীয় বলে জানা গেছে। এর আগে নিহত জুলেখার স্বামী মিজানুর রহমান অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। সোহেল রানা নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর উত্তর চন্ডিপুর গ্রামের নিজ বাসায় দুর্বৃত্তরা ঢুকে জুলেখা ও তার মেয়ে মীমকে গলা কেটে হত্যা করে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা। হত্যাকাণ্ডের সময় মা-মেয়ে বাসায় একাই ছিলেন। রাতেই পরিবারের অন্য সদস্যরা বাসায় ফিরে মেঝেতে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

এদিকে, বিকেলে জানাজায় অংশ নিয়ে ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে থানা ঘেরাও করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।