ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ৩৭ জেলে আটক, জব্দ ৩৫ হাজার মিটার জাল ও ৫ ট্রলার

0
70

মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ভোলার তিন উপজেলায় ৩৭ জন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে জব্দ করা হয়েছে ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৩৫ কেজি ইলিশ মাছ এবং ৫টি ট্রলার।

বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার (১০ অক্টোবর) দুপুর পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে একাধিক অভিযান চালানো হয়। আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বোরহানউদ্দিন উপজেলায় ১১ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, “জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।”

লালমোহন উপজেলায় ১০ জন জেলে আটক হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬ জনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়, বাকি ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। এখানেও জব্দ করা জাল ধ্বংস করা হয়েছে।

চরফ্যাশনে ১৬ জন জেলে আটক হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, “আটকদের মধ্যে ৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা, ২ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপ্রাপ্তবয়স্ক ৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর ৪ জনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।”

এ অভিযানে ৩৫ হাজার মিটার জাল, ৩৫ কেজি ইলিশ ও ৫টি ট্রলার জব্দ করা হয়। জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং ট্রলারগুলো নিলামের প্রস্তুতি চলছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।

মনপুরা উপজেলায় সাগরে গোপনে মাছ ধরার প্রস্তুতিকালে জনতা বাজার, পূর্ব তালতলী ও লতাখালী ঘাটে অভিযান চালিয়ে নৌবাহিনী ও কোস্ট গার্ড ৪৫টি ট্রলারের বরফ ধ্বংস করে—যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “পরিবেশ ও মা ইলিশ সংরক্ষণের স্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, মা ইলিশের প্রজনন নিরাপদ করতে সরকার ৩ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ২২ দিনের জন্য ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে। এ নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। এর আওতায় রয়েছে ভোলার মেঘনা নদীর ৯০ কিলোমিটার, তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার ও বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমা।