একই ওড়নায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
42

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দারোগোল্লা এলাকায় একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—সিনথিয়া (২০) ও তার স্বামী সাব্বির হোসেন (২২)। সাব্বির ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে।

শুক্রবার (১০ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দারোগোল্লা গ্রামের সাব্বির ও তার স্ত্রী সিনথিয়া আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই দ্বন্দ্বের জের ধরেই তারা আত্মহত্যা করেছেন। তাদের সংসারে সাফরান হাসান নুর নামে ৩ বছরের একটি ছেলে রয়েছে।

খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই মোহাম্মদ সোহেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খান জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর রহস্য উন্মোচন হবে।”