চট্টগ্রাম মেডিকেলে এসি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

0
87

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ড সংলগ্ন ভবনের ছাদে এসি কম্প্রেসার মেরামতের সময় বিস্ফোরণে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধ তিনজনই গণপূর্ত অধিদফতরে কর্মরত ছিলেন। তারা হলেন: মিশকাত, শওকত ও তানভির।

চমেক হাসপাতালে দায়িত্বরত পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, “আজ সকালে হাসপাতালের ছয়তলা ছাদের ওপর এসি সার্ভিসিং করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গণপূর্ত অধিদফতরে কর্মরত তিনজন শ্রমিক দগ্ধ হন।”

দগ্ধদের মধ্যে শওকতের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসআই নুরুল আলম আশিক আরও নিশ্চিত করেন যে, দুর্ঘটনায় হাসপাতালের কোনো রোগী বা ওয়ার্ডের কেউ হতাহত হয়নি।