রাবিতে রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

0
45

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)তে দীর্ঘ ৩৫ বছর পর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সকালে ক্যাম্পাসে সরেজমিনে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রগুলোর সামনে ভোটার শিক্ষার্থীদের ভিড় জমে যায়। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্য ছাড়াও বিএনসিসি, রোভার স্কাউট, কমিউনিটি পুলিশ ও রেঞ্জার্সের সদস্যরা কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন।

রাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাকসুর ২৩টি পদে প্রার্থী ৩০৫ জন, সিনেটের ৫টি ছাত্র প্রতিনিধি পদে প্রার্থী ৫৮ জন, ১৭টি হল সংসদের ২৫৫টি পদে প্রার্থী ৫৫৫ জন। সব মিলিয়ে মোট ৮৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। ভোটারদের মধ্যে নারী ৩৯.১ শতাংশ, পুরুষ ৬০.৯ শতাংশ। প্রতিটি ভোটারের জন্য পৃথক ২৮ হাজার ৯০১টি ব্যালট পেপার ছাপানো হয়েছে।

ভোট পরিচালনায় রয়েছেন ২১২ জন শিক্ষক ও ৯১ জন কর্মকর্তা। এর মধ্যে ১৭ জন প্রিসাইডিং অফিসার, বাকিরা সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনের ফলাফল প্রস্তুতির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। রাকসু নির্বাচন আমাদের গৌরবময় ঐতিহ্যের প্রতীক। এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব বিকাশ ও দায়িত্ববোধ গঠনের এক অসাধারণ সুযোগ এনে দিচ্ছে।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। এজন্য প্রতিটি ধাপে নির্বাচনকে বিতর্কমুক্ত রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে।”