চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীও যোগ দিয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নৌবাহিনীর ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
দুপুর আড়াইটার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন জানান, ইপিজেডের ভেতরে যে কারখানায় আগুন লেগেছে, সেখানে মেডিকেল সরঞ্জাম (একসেসরিজ) তৈরি হতো।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে বলেন, “সাততলা ভবনের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলায় আগুন লেগেছে।”
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।