সিইপিজেডের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে, নির্বাপণে কাজ করছে ১৭ ইউনিট

0
51

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে আরও সময় লাগবে। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত ৮তলা ভবনটির ৭ম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সন্ধ্যার দিকে আগুন পুরো ভবনটিতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে আশেপাশের কয়েকশো মিটার দূর থেকেও এর তাপ অনুভূত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবিও যোগ দেয়, কিন্তু আগুনের তীব্রতায় তারা একপ্রকার অসহায় হয়ে পড়েছিলেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটিতে অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানি নামের দুটি প্রতিষ্ঠান ছিল। ভবনটির আটতলা খালি ছিল। সাততলায় অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানির গুদাম ছিল এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। অ্যাডামস ক্যাপে টাওয়েল ও ক্যাপ এবং জিহং মেডিকেল সার্জিক্যাল গাউনসহ চিকিৎসা সরঞ্জাম তৈরি করা হতো।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা শুক্রবার সকাল ৮টার দিকে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলেও ১৭টি ইউনিট এখনো নির্বাপণের কাজ করছে এবং পুরোপুরি আগুন নিভিয়ে ফেলতে সময় লাগবে। আগুনের কারণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।