শাকিব খানের নায়িকা হতে চাই: মিম

0
191

দশ-বারো বছর বয়সে মা-বাবার সঙ্গে স্পেনে পাড়ি জমান মারিয়া মিম। সেখানে ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করেন এই গ্ল্যামার কন্যা। ২০১২ সালে দেশে ফিরে তিনি ভালোবেসে বিয়ে করেন অভিনেতা সিদ্দিকুর রহমানকে। এক বছর পর তাদের ঘর আলো করে আসে এক পুত্রসন্তান। তবে ব্যক্তিগত জীবনে বনিবনা না হওয়ায় ২০১৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

মারিয়া মিমের মডেলিং ক্যারিয়ার শুরু হয় ২০১৮ সালে ফটোশুটের মাধ্যমে। শুরুর দিকেই তিনি ডায়মন্ড ওয়ার্ল্ডের জন্য ফটোশুট করেন এবং মিরর ম্যাগাজিনের কাভার মডেল হন। এরপর আসুস ল্যাপটপ, ওয়ালটন, স্যাভলন, প্রাণসহ ৫০টিরও বেশি পণ্যের বিজ্ঞাপনে কাজ করেছেন।

মারিয়া মিম নাটক ও ওয়েব কনটেন্টেও নিজেকে তুলে ধরেছেন। “আমায় আগলে রেখো” এবং “লাক বাই চান্স” নাটক ছাড়াও “কাবাডি” ও “হ্যালো সোহানা” ওয়েব সিরিজে অভিনয় করেছেন। পাশাপাশি “ঝুমকা,” “গোলাপি,” “ব্যথার পাহাড়” এবং “অভিমানী”সহ বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও মডেল হয়েছেন।

সম্প্রতি মিম এসিআই আলমিরার একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন, যা জানুয়ারিতে প্রচারে আসবে। তিনি জানান, বিজ্ঞাপনটির নির্মাণ করেছেন হাসান তৌফিক অঙ্কুর। গল্পে একজন আড্ডাবাজ স্বামীর মজার ঘটনা তুলে ধরা হয়েছে।

মারিয়া মিমের লক্ষ্য এখন বাণিজ্যিক সিনেমায় অভিনয় করা। তিনি বলেন, “আমার লুক বাণিজ্যিক সিনেমার জন্য একদম পারফেক্ট। নায়ক হিসেবে অবশ্যই শাকিব খানের সঙ্গে কাজ করতে চাই। স্ক্রিনে তার মতো পারফেক্ট কেউ নেই।”

সিনেমায় আইটেম গানে পারফর্ম করার আগ্রহ প্রকাশ করে মিম বলেন, “ভালো বাজেটের হলে অবশ্যই আইটেম গানে কাজ করতে চাই। বলিউড ও সাউথের তারকারাও এ ধরনের গানে কাজ করেছেন। ভালো কিছুর জন্য আমি সবসময় প্রস্তুত।”

সাবেক স্বামী সিদ্দিকুর রহমানের সঙ্গে বিচ্ছেদের পর মিমকে ঘিরে নানা গুঞ্জন ছড়ায়। অভিনেতা সিদ্দিকের অভিযোগ ছিল, মিম নায়িকা হওয়ার জন্যই তাকে ছেড়েছেন। এ বিষয়ে মিম বলেন, “নায়িকা হওয়ার জন্য বিচ্ছেদের প্রশ্নই ওঠে না। আমাদের ব্যক্তিগত কারণে বিচ্ছেদ হয়েছে, এতে অভিনয়ের কোনো সম্পর্ক নেই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here