কলম্বিয়ার জলসীমায় মার্কিন সামরিক বাহিনীর নৌ হামলায় একজন জেলে নিহত হওয়ার ঘটনায় ট্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা দাবি করেছেন দক্ষিণ আমেরিকান দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
রোববার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পেত্রো লিখেছেন, “মার্কিন সরকারের প্রতিনিধিরা আমাদের আঞ্চলিক জলসীমায় হত্যা করেছে এবং আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।”
তিনি দাবি করেন, হামলায় নিহত জেলে আলেজান্দ্রো কারাঞ্জার সঙ্গে মাদক পাচারের কোনো সম্পর্ক ছিল না। প্রেসিডেন্ট পেত্রো বলেন, “তার দৈনন্দিন কাজ ছিল মাছ ধরা।”
হামলার ঘটনার বর্ণনা দিয়ে পেত্রো আরও বলেন, “কলম্বিয়ান নৌকাটি ভেসে ছিল এবং ইঞ্জিন বিকল হওয়ার কারণে এর বিপদ সংকেত বন্ধ ছিল। আমরা মার্কিন সরকারের কাছ থেকে ব্যাখ্যার অপেক্ষায় আছি।”
কলম্বিয়ার প্রেসিডেন্ট এই ঘটনায় দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের কাছে অবিলম্বে ভুক্তভোগীদের আত্মীয়দের সুরক্ষা প্রদান এবং আন্তর্জাতিকভাবে বিচারের বিষয়টি বিবেচনা করার আবেদন জানিয়েছেন।
প্রসঙ্গত, গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মার্কিন সেনাবাহিনী একটি বৃহৎ মাদকবাহী নৌকা ধ্বংস করেছে, যা যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। তবে কলম্বিয়ার প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী, সেই হামলায় একজন নিরপরাধ জেলে নিহত হয়েছেন এবং তাদের আঞ্চলিক জলসীমা লঙ্ঘিত হয়েছে।