বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতকে উড়িয়ে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া

0
38

বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে সফরকারী ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিক অস্ট্রেলিয়া।

রোববার (১৯ অক্টোবর) পার্থে টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। এই ম্যাচ দিয়েই সাত মাস পর ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তন করেন ভারতীয় তারকা বিরাট কোহলি, তবে তার ফেরা সুখের হয়নি। তিনি রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। এছাড়া, অধিনায়ক রোহিত শর্মাও মাত্র ১৪ বলে ৮ রান করে আউট হন। শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলাররা ভারতীয় ব্যাটারদের চাপে রাখে।

ম্যাচের মাঝে বৃষ্টির কারণে দীর্ঘসময় খেলা বন্ধ থাকে। ফলে ৫০ ওভারের ম্যাচটিকে কমিয়ে ২৬ ওভারে নামিয়ে আনা হয়। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ভারত নির্ধারিত ২৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন লোকেশ রাহুল (৩৮ বলে ৩৮) এবং অক্ষর প্যাটেল (৩৮ বলে ৩১)।

অস্ট্রেলিয়ার পক্ষে জস হ্যাজেলউড, মিচেল ওয়েন ও ম্যাথু কুহনেম্যান প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন।

বৃষ্টি আইনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৩১ রান। এই রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অজিরা; ট্রাভিস হেড ৫ বলে ৮ রান করে আউট হন।

তবে এরপর ক্রিজে আসা ম্যাথু শর্টকে (৮ রান) সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন অধিনায়ক মিচেল মার্শ। দলীয় ৪৪ রানে শর্ট আউট হওয়ার পর মার্শ ও জস ফিলিপের ৫৫ রানের জুটি অস্ট্রেলিয়াকে জয়ের ভীত গড়ে দেয়। ফিলিপ ২৯ বলে ৩৭ রান করে আউট হন।

এরপর ম্যাট রেনশকে সঙ্গে নিয়ে মার্শ বাকি কাজ সারেন। রেনশ ২৪ বলে ২১ এবং মার্শ ৫২ বলে ৪৬ রানে অপরাজিত থেকে ২৯ বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন। ভারতের পক্ষে আর্শদ্বীপ সিং, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর ১টি করে উইকেট নেন।