রাজধানীর মিরপুরে মাজার রোড এলাকায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এক পার্টস ব্যবসায়ীর বাসা থেকে ১০০ ভরি স্বর্ণালংকার ও ৩২ লাখ টাকা লুট করেছে। এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ ও তার পরিবারের সদস্যরা।
রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানিয়েছে, বেলা ১১টায় মাস্ক পরা এক যুবক প্রথমে বাসার কলিংবেল চাপেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে আরও দুজন সেখানে উপস্থিত হন। অস্ত্র দেখিয়ে তারা জোরপূর্বক ঘরের ভেতরে প্রবেশ করেন এবং গৃহকর্ত্রীকে হাত-পা বেঁধে ফেলেন।
এরপর ডাকাতেরা আলমারি ভেঙে বাসায় রাখা ১০০ ভরি স্বর্ণ এবং ব্যবসার জন্য রাখা ৩২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় গৃহকর্ত্রীকে মারধরও করা হয় বলে তিনি অভিযোগ করেছেন। তার ধারণা, এই সংঘবদ্ধ চক্রে এলাকার ইন্টারনেট কোম্পানির কর্মচারীও জড়িত ছিল।
ফুটেজে আরও দেখা যায়, বেলা ১১টা ১৫ মিনিটের দিকে ব্যাগ হাতে কয়েকজন মাস্ক পরা যুবক দ্রুত বাড়িটি থেকে বের হয়ে যাচ্ছে।
এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বাড়িটি পরিদর্শন করেছেন।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন সাংবাদিকদের জানান, পুলিশ অপরাধী শনাক্তে কাজ করছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী পরিবারটি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের হারানো সম্পদ উদ্ধারের আশা করছে।