কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সাহারবিল ইউনিয়নের রাবার ড্যাম এলাকা থেকে তৌহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সে শাহারবিল ইউনিয়নের শেকাব উদ্দিন হত্যা মামলার আসামি ছিল এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী, একটি বাড়ি থেকে একটি একনলা বন্দুক এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। তৌহিদুল ইসলাম ওই ইউনিয়নের উমখালী এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।
এদিকে, একই রাতে পৃথক অভিযানে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া এই তিন আসামি হলো— ফাঁশিয়াখালী ইউনিয়নের হাজিয়ান ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে আরাফাতুল ইসলাম, সাহারবিল ইউনিয়নের আবদুল করিমের ছেলে আলী আহমদ এবং বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী এলাকার বজল আহমদের ছেলে রমজান আলী।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, তৌহিদুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, আদালতের পরোয়ানাভুক্ত বাকি তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।