ঘরের মাঠে লিভারপুলকে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড

0
54

নয় বছর পর লিভারপুলের মাঠে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার (১৯ অক্টোবর, ২০২৫) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে তারা। ব্রায়ান এমবুমো এবং হ্যারি ম্যাগুইয়ারের গোলে এই ঐতিহাসিক জয় নিশ্চিত করে ইউনাইটেড।

ম্যাচ শুরু হওয়ার মাত্র ৬৩ সেকেন্ডের মাথায় লিভারপুলের রক্ষণকে বোকা বানিয়ে ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রায়ান এমবুমো। মাঝমাঠ থেকে ব্রুনো ফার্নান্দেসের পাসে বল পেয়ে আমাদ দিয়ালোর থ্রু-বল ধরে নিখুঁত কোনাকুনি শটে গোলটি করেন এই ক্যামেরুনীয় ফরোয়ার্ড।

প্রথমার্ধে লিভারপুল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও, কোডি হাকপো এবং মো সালাহর প্রচেষ্টা সফল হয়নি। একপর্যায়ে তিনবার বল পোস্টে লেগে ফিরে আসে, যা লিভারপুল সমর্থকদের হতাশ করে। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে ৭৮তম মিনিটে দলকে সমতায় ফেরান কোডি হাকপো। বাঁ দিক থেকে ফেদেরিকো চিয়েসার পাসে সহজ টোকায় বল জালে পাঠান এই ডাচ ফরোয়ার্ড।

তবে সমতাসূচক গোল হজমের পর যেন আরও বেশি উজ্জীবিত হয়ে ওঠে ইউনাইটেড। হাকপোর গোলের মাত্র ছয় মিনিট পর (৮৪তম মিনিটে) ব্রুনো ফার্নান্দেসের একটি দুর্দান্ত ক্রস থেকে হেডে গোল করে দলকে জয় এনে দেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার।

এই জয়ের ফলে আট ম্যাচে চার জয় ও এক ড্র নিয়ে ১৩ পয়েন্ট সংগ্রহ করে নবম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, লিভারপুল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ হারের স্বাদ পেল। ১৫ পয়েন্ট নিয়ে তারা এখন চতুর্থ স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় বোর্নমাউথ রয়েছে তৃতীয় স্থানে। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল, তাদের থেকে তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।