নিষেধাজ্ঞার চাল না পেয়ে জেলেদের বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন

0
55

মাছ শিকারে চলমান ২২ দিনের নিষেধাজ্ঞার সময় বরাদ্দের চাল না পেয়ে বরগুনার আমতলী উপজেলায় বিক্ষোভ করেছেন জেলেরা। বিক্ষোভের পর আমতলী উপজেলা প্রশাসন এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।

সোমবার (২০ অক্টোবর, ২০২৫) দুপুরে আমতলী উপজেলা পরিষদের সামনে চাওড়া ইউনিয়নের চাল না পাওয়া জেলেরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে তারা আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান-এর কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগও দেন।

ইউএনও মো. রোকনুজ্জামান খান অভিযোগের সত্যতা যাচাই করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা হলেন: মো. রাসেল (আমতলী উপজেলা কৃষিকর্মকর্তা, আহ্বায়ক), মো. অলিউর রহমান (মেরিন ফিসারিজ অফিসার), মো. মাইনুল ইসলাম (উপজেলা ফেসিলিটেটর)। এই কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলেদের অভিযোগ: লিখিত অভিযোগে জেলেরা উল্লেখ করেছেন যে, গত ১৪ অক্টোবর আমতলীর ঘটখালী ইউনিয়ন পরিষদে জেলেদের নামে চাল বিতরণ করা হয়। সেখানে ৬০২ জন কার্ডধারী জেলের মধ্যে আনুমানিক ৩০০-৩৫০ জন চাল পেয়েছেন। বাকি জেলেদের নামে টিপসই ও স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে চাল উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদের কাছে গেলে তিনি সব জেলেদের চাল বিতরণ করা হয়েছে বলে জানান।

জেলেদের অভিযোগ, মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় তারা বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে দিন পার করছেন। এ কারণে তদন্ত সাপেক্ষে কার্ডধারী জেলেদের দ্রুত চাল প্রদানের জন্য তারা ইউএনওর কাছে আহ্বান জানান।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান বলেন, অভিযোগের সত্যতা যাচাই করতে উপজেলা কৃষি অফিসারকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে, তদন্ত কমিটির আহ্বায়ক আমতলী উপজেলা কৃষি অফিসার রাসেল মিয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনি কোনো চিঠি হাতে পাননি।