সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর বসিলা ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
এই অভিযানে ৩২টি তাজা ককটেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন জন ব্যক্তিকে আটক করেছেন সেনা সদস্যরা।
সেনাবাহিনীর বসিলা ক্যাম্প থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, উদ্ধারকৃত ককটেলগুলো রাত সোয়া ৩টার দিকে একটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়। এই সময়ে ঘটনাস্থলের নিরাপত্তা জোরদার করা হয় এবং পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হয়। বার্তার সাথে আটকদের গাড়িতে তোলা এবং সেনা সদস্যদের বিস্ফোরক সামগ্রী গাড়িতে তোলার দুটি ভিডিও সংযুক্ত ছিল।
সেনা সূত্র জানায়, উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্য এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে।