কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে মানব পাচারকারীদের গোপন আস্তানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ ‘বজ্র অভিযান’-এ ৬ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে। এ সময় এক পাচারকারীকে আটক এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (২১ অক্টোবর) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২)-এর অর্ধশতাধিক সদস্যের একটি বিশেষ দল রাজারছড়া করাচিপাড়া এলাকার পাহাড়ি অঞ্চলে এই অভিযান চালায়। প্রায় ছয় ঘণ্টাব্যাপী অভিযান শেষে পাচারকারীদের একটি সুরক্ষিত আস্তানা ধ্বংস করে বিজিবি।
অভিযান শেষে বিজিবি জানায়, পাচারকারীরা বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের পাহাড়ে আটকে রেখে মুক্তিপণ দাবি করছিল। উদ্ধারকৃত আস্তানা থেকে ৩টি ওয়ান শুটার গান, ১টি একনলা বন্দুক, ৬ রাউন্ড তাজা গুলি এবং ২টি দেশীয় চাকু উদ্ধার করা হয়।
অভিযানে আটক পাচারকারী হলেন করাচিপাড়া লেঙ্গুরবিল এলাকার মো. রুবেল (২১)। আরও সাতজন পাচারকারীকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “মানবতা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো মানব পাচারকারীকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ।”