থাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্নের মা, থাই রাজপরিবারের অত্যন্ত জনপ্রিয় সদস্য রানি সিরিকিত ৯৩ বছর বয়সে মারা গেছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে থাই রয়েল হাউসহোল্ড ব্যুরো জানিয়েছে।
রানি সিরিকিতের দেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুসিত থ্রোন হলে রাষ্ট্রীয় মর্যাদায় সংরক্ষিত থাকবে। তার মৃত্যুতে থাই রাজপরিবারের সদস্যরাও এক বছর ধরে শোক পালন করবেন বলে জানানো হয়েছে।
রানি সিরিকিত দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০১২ সালে স্ট্রোকের পর থেকে তিনি খুব কমই জনসমক্ষে আসতেন। ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। গত ১৭ অক্টোবর তার রক্তে সংক্রমণ দেখা দিলে চিকিৎসকরা নিবিড় পরিচর্যা করেও অবস্থার উন্নতি ঘটাতে পারেননি।
রানি সিরিকিত থাইল্যান্ডে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। স্বামী ও ছেলের রাজমর্যাদা থাকা সত্ত্বেও দেশের মানুষ তাকে গভীর সম্মান ও ভালোবাসায় ভরিয়ে রাখত। তার জন্মদিন, ১২ আগস্ট, থাইল্যান্ডে ‘মাদার্স ডে’ হিসেবে উদ্যাপিত হত।
তিনি থাইল্যান্ডের দীর্ঘতম সময়ের রাজা ভূমিবল আদুলিয়াদেজের স্ত্রী ছিলেন। ছয় দশকেরও বেশি সময় ধরে রাজত্বকারী ভূমিবল ২০১৬ সালে মারা যান।
রানি সিরিকিতের মৃত্যুর কারণে থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য নির্ধারিত তার সফর বাতিল করেছেন।