নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ইতিহাস: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন

0
30

নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে একমাত্র অপরাজিত দল হিসেবে গ্রুপ পর্ব শেষ করেছে অস্ট্রেলিয়া। হোলকার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অজি মেয়েরা ১৬.৫ ওভার খেলে মাত্র তিন উইকেট হারিয়ে সহজ লক্ষ্য পূরণ করে।

এই ম্যাচে অস্ট্রেলিয়ার স্পিনার অ্যালেনা কিং নিজের বোলিং দিয়ে ইতিহাস গড়েন। তিনি ৭ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে অবিশ্বাস্য সাতটি উইকেট শিকার করে নারী বিশ্বকাপে সর্বকালের সেরা বোলিং ফিগার তৈরি করেন। এর আগে ১৯৮২ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের জ্যাকি লর্ডের ১০ রানে ৬ উইকেট নেওয়ার রেকর্ড ছিল সেরা। এই রেকর্ড ভাঙার পাশাপাশি এটি মেয়েদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সেরা বোলিং রেকর্ড।

অ্যালেনা কিংয়ের বিধ্বংসী বোলিংয়ের মুখে দক্ষিণ আফ্রিকার ইনিংস ২৪ ওভারে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায়। প্রোটিয়াদের ইনিংসে সর্বোচ্চ রান আসে অধিনায়ক লরা উলভার্টের ব্যাট থেকে। ২৬ বলে ৩১ রান করা উলভার্টের ইনিংস দলকে ৩২ রানে প্রথম উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ দিলেও, কিংয়ের ঝোড়ো বোলিংয়ে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

৯৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই দুই উইকেট হারিয়ে সামান্য চাপে পড়লেও, জর্জিয়া ভোল ও বেথ মোনির ৭৭ রানের চমৎকার জুটি দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসে। মোনি ৪১ বলে ৪২ রান করে ফেরার পর আনাবেল সুদারল্যান্ড ৪ বলে ১০ রান করে দলকে জয় এনে দেন।

গ্রুপ পর্ব শেষে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার আগামী প্রতিপক্ষ হবে স্বাগতিক ভারত। অন্যদিকে, ফাইনালের টিকিটের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ইংল্যান্ডের বিপক্ষে।