ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, প্রতিষ্ঠানের স্বার্থই সর্বোচ্চ। ব্যক্তিগত স্বার্থ নয়, বরং জনগণের নিরাপত্তা ও সেবাকে সর্বাগ্রে রাখতে হবে।
সোমবার (২৭ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে এই আহ্বান জানান তিনি।
অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে সকল পরিচালক, ঢাকায় অবস্থানরত কর্মকর্তা-কর্মচারী, বিভাগীয় উপপরিচালক এবং দেশের বিভিন্ন জেলা কর্মকর্তারা সরাসরি ও অনলাইনে অংশ নেন।
ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল তার দায়িত্বকালীন সময়ে গৃহীত উন্নয়ন পরিকল্পনা এবং বিভিন্ন সফল কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। অপারেশনাল কাজে দক্ষতা দেখিয়ে দেশের মানুষের প্রশংসা অর্জন করায় তিনি বাহিনীর সকল সদস্যকে ধন্যবাদ জানান।
শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ে উল্লেখ করে তিনি সাধারণ মানুষকে সচেতন হতে আহ্বান জানান এবং কর্মকর্তা-কর্মচারীদের ফায়ার সার্ভিসের জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন।
অনুষ্ঠানে মিয়ানমারে ভূমিকম্পের পর উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের ১০ সদস্যকে মিয়ানমার সরকারের দেওয়া স্মারক পদক হস্তান্তর করা হয়। পাশাপাশি বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন পেশাগত প্রতিযোগিতায় বিজয়ী এবং প্রশাসনিক কাজে বিশেষ দক্ষতা প্রদর্শনকারী সদস্যদের ‘মহাপরিচালকের প্রশংসা পুরস্কার’ দেওয়া হয়।
এটি ছিল এ ধরনের প্রথম আয়োজন, যেখানে ইনসিগনিয়া, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। মহাপরিচালক বলেন, “এ পুরস্কার কর্মীদের আরও আন্তরিক, দক্ষ ও দায়িত্বশীল হতে প্রেরণা জোগাবে।”