ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ১ কোটি টাকারও বেশি মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৭ অক্টোবর) সকালে এসব অভিযান পরিচালনা করে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবির টহলদল তিনটি উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট, চশমা ও ওষুধসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এছাড়া এসব পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা। বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত পণ্যগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। অবৈধ পণ্য পাচার, মাদক পরিবহন এবং অনুপ্রবেশ প্রতিরোধে আমাদের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।”