জুলাই জাতীয় সনদ–২০২৫ বাস্তবায়নের জন্য প্রণীত সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় কমিশনের সদস্যরা এই সুপারিশমালা তুলে দেন।
ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে লিখিতভাবে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কার, নীতি-প্রস্তাব ও বাস্তবায়ন কাঠামো সংবলিত সুপারিশ হস্তান্তর করা হয়।
সুপারিশ হস্তান্তরের সময় উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এর আগে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজসহ সদস্যরা সনদ বাস্তবায়নের খসড়া চূড়ান্ত করেন।