আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিএনপির বৈঠক

0
56

বিএনপির একটি প্রতিনিধিদল আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে সচিবালয়ের উপদেষ্টার দপ্তরে বৈঠকটি শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। বিকেল ৪টা ২৮ মিনিটে তারা সচিবালয়ে পৌঁছান।

বৈঠকে আলোচ্যসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও একটি সূত্র জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আইনগত প্রক্রিয়া ও সম্ভাবনা নিয়ে সেখানে আলোচনা হতে পারে।

বিএনপি সূত্রে জানা যায়, তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং ২০ নভেম্বর সপরিবারে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা রয়েছে। ওমরাহ শেষে তিনি লন্ডনে ফিরে গিয়ে নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় ফেরার কথা বিবেচনা করছেন।