সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন জয়া আহসান। এপার-ওপার মিলিয়ে দুই বাংলায়ই তিনি সমানভাবে দর্শক সমাদৃত। দীর্ঘ ক্যারিয়ারে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ ঝুলিতে পুরেছেন অসংখ্য পুরস্কার। যদিও শেষ কয়েক বছর ধরে দেশের থেকে কলকাতার সিনেমাতেই অভিনয় করছেন বেশি। দুই যুগের ক্যারিয়ারে অনেকবার ভিন্ন ভিন্ন রকম অভিষেক ঘটলেও এবার নিজের দেশেই আরও একবার অভিষেক হতে যাচ্ছে এ তারকা অভিনেত্রীর।
ওটিটি প্ল্যাটফর্মে এরই মধ্যে অনেক কনটেন্টে কাজ করেছেন জয়া আহসান। তবে তার সে কাজের সবই ভারতে। এবার দেশের ওটিটিতে যাত্রা হচ্ছে তার। ‘জিম্মি’ শিরোনামে ওয়েব সিরিজ দিয়ে হালের জনপ্রিয় এ প্ল্যাটফর্মে অভিষেক ঘটবে তার। জানা গেছে, তাকে নিয়ে এ ওয়েব সিরিজ বানাচ্ছেন আলোচিত ও জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ। গত মার্চেই এ সিরিজের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে জয়া নিশ্চিত করেন, কাজটি নিয়ে কথাবার্তা চলছে। সম্প্রতি জানা গেছে, চলতি সপ্তাহে সিরিজের শুটিং শুরু হচ্ছে।
নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে জয়া বলেন, ‘সিরিজের কাজটা আরও আগে শুরু হওয়ার কথা ছিল। নানান কারণে করা যায়নি। তবে শিগগিরই শুটিং শুরু হচ্ছে আর এটাই হতে যাচ্ছে আমার প্রথম ওয়েব সিরিজ।’
সিরিজের গল্পে স্বামীকে নিয়ে সংগ্রামী এক সরকারি নারী কর্মচারীর চরিত্রে দেখা যাবে জয়াকে। প্রায় ১০ বছর ধরে যিনি একই পদে কাজ করে যাচ্ছেন। অফিসের স্টোররুমে একদিন একবাক্স টাকা পড়ে থাকতে দেখে থমকে যান তিনি। ঘটনায় তিনি দ্বিধায় পড়ে এবং লোভে পড়ে যান।
কয়েক বছর ধরে জয়াকে বাংলাদেশের তুলনায় ভারতীয় সিনেমায় বেশি দেখা গেছে। অনেকেই মনে করেন, তিনি তার নিজের দেশের চেয়ে ভারতেই বেশি সময় ব্যয় করেন। সে প্রসঙ্গ অবশ্য অভিনেত্রী খোলাসা করেছেন। বলেছেন, কাজের জন্য যতটা সময় প্রয়োজন, ততটাই ভারতে থাকেন। কাজ শেষে দ্রুত বাংলাদেশে ফিরে আসেন।
বিষয়টি প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জয়া বলেন, ‘আমি মূলত শুটিংয়ের জন্য কলকাতায় যাই, যেমন অভিনয়শিল্পীরা আউটডোর শুটে যায়, সে রকম। আমার কলকাতায় কাজ থাকলে যাই এবং একবার কাজ শেষ হলে আমি ঢাকায় ফিরে আসি। কিন্তু লোকে ভাবে আমি বেশিরভাগ সময় সেখানেই থাকি। কিছুদিন আগে আমি সীতাকুণ্ডে শুটিং করছিলাম, তবু লোকে ধরে নিয়েছিল আমি ভারতে আছি। অথচ সীতাকুণ্ডেই আমার সর্বশেষ শুটিং হয়।’
বাংলাদেশ ও ভারত দুই দেশেই মুক্তির অপেক্ষায় রয়েছে জয়ার বেশ কয়েকটি ছবি। শিগগিরই ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ‘ওসিডি’।

