দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ সংবিধানের বহুল আলোচিত ত্রয়োদশ সংশোধনীকে বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
আদালত জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। তবে, বর্তমানে দেশে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছে, তার অধীনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিন ধার্য করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
শুনানিতে বিএনপি, জামায়াত ও আপিলকারীদের আইনজীবীরা দাবি করেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে এবং চতুর্দশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। আদালত সেই মতামতেরই প্রতিফলন ঘটালেন।
২০১১ সালের ১০ মে তৎকালীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দিয়েছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নতুন করে আইনি লড়াই শুরু হয়।
২০২৪ সালের ২৭ আগস্ট সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেন।
এরপর ড. বদিউল আলম মজুমদারসহ ৫ জন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ছাড়াও বেঞ্চের অপর ছয় বিচারপতি হলেন: বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বিচারপতি ফারাহ মাহবুব