গাজীপুরের বাইপাইলে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

0
46

গাজীপুরের বাইপাইল এলাকায় আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ।

আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, সাভারের বাইপাইল এলাকায় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়।

এর মাত্র একদিন আগে শুক্রবার সকালে দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যাতে শিশুসহ ১০ জনের মৃত্যু এবং ছয় শতাধিক মানুষ আহত হন। সবচেয়ে বেশি পাঁচজন নিহত হন নরসিংদীতে। ঢাকায় চার এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যু ঘটে। ভূমিকম্পের সময় আতঙ্কে বহু মানুষ ভবন থেকে লাফিয়ে পড়েন এবং বেশ কিছু ভবন হেলে পড়ে বা ফাটল দেখা দেয়।

গতকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। তার পরদিনই কাছাকাছি অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হলো। বাইপাইলের এই কম্পনের অবস্থানসংক্রান্ত কোঅর্ডিনেট ছিল উত্তর অক্ষাংশ ২৩.৭৭° এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯০.৫১°।