স্বৈরাচারবিরোধী জুলাই গণঅভ্যুত্থানে যশোরের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর মুক্তিভবনে সিপিবির কেন্দ্রীয় দপ্তর থেকে মনোনয়ন ফরম নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনসহ কেন্দ্রীয় নেতারা।
মনোনয়ন সংগ্রহ শেষে রাশেদ খান বলেন, “গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে নিপীড়িত ও সাধারণ মানুষের কণ্ঠস্বর সংসদে তুলতেই নির্বাচন করতে চাই।”
রাশেদ খান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যবিপ্রবি সংসদের আহ্বায়ক ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে যশোরে জেলার সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন। পরে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক হন।
স্থানীয়দের মতে, তরুণ নেতৃত্ব হিসেবে রাশেদ খানের জনপ্রিয়তা ইতোমধ্যে যশোরে প্রশস্ত হয়েছে। তার মনোনয়ন গ্রহণ যশোর–৩ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে।
সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, “এই নির্বাচনে তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিতে চাই সিপিবি; পরিবর্তনের সময়ে তরুণদের এগিয়ে আনার সুযোগ আমরা কাজে লাগাতে চাই।”
যশোর–৩ আসনে ইতোমধ্যে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত ও জামায়াতের আব্দুল কাদের দলীয় মনোনয়ন পেয়েছেন। এবার তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ‘কাস্তে’ প্রতীক নিয়ে মাঠে নামতে প্রস্তুত রাশেদ খান।