ডিএমটিসিএল ও এনেক্স কমিউনিকেশনসের মধ্যে চুক্তি স্বাক্ষর

0
63

রাজধানীর দ্রুত বর্ধনশীল মেট্রোরেলের এক্সক্লুসিভ ইনসাইড ব্র্যান্ডিং সার্ভিসেস পরিচালনার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে ডিএমটিসিএল কার্যালয়ের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার একটি নতুন অধ্যায় সূচিত হলো।

ডিএমটিসিএল-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন যুগ্মসচিব এবং কোম্পানি সচিব (অতিরিক্ত দায়িত্ব) খন্দকার এহতেশামুল কবির এবং এনেক্স কমিউনিকেশনস লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক শরিফ সাব্বীর।

এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ডিএমটিসিএল-এর পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, এনডিসি, পি: ইঞ্জি., প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আব্দুল ওহাব, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এবং পরিচালক (প্রশাসন) এ.কে.এম. খায়রুল আলম। এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মাহমুদুর রহমান, উপদেষ্টা সাইদুল আমিন সহ অন্য কর্মকর্তাবৃন্দ।

এই চুক্তির ফলে মেট্রোরেলের অভ্যন্তরে, ব্র্যান্ডগুলোর জন্য নতুন ধরনের বিজ্ঞাপনী সম্ভাবনা উন্মোচিত হচ্ছে। দ্রুতগতিতে যাত্রীসংখ্যা ও রুট বিস্তৃত হওয়ায় মেট্রোরেলের অভ্যন্তরীণ ব্র্যান্ডিং ক্রমেই অত্যন্ত প্রাসঙ্গিক ও কার্যকর একটি মাধ্যমে পরিণত হচ্ছে।

চুক্তি অনুযায়ী, প্রতিদিন শহরের নানা বয়স, পেশা ও শ্রেণির মানুষ মেট্রোরেলের ভেতরের বিজ্ঞাপনগুলো দেখবে। ফলে ব্র্যান্ডগুলো এখন আরও স্বাভাবিক এবং প্রাসঙ্গিকভাবে যাত্রীদের কাছে পৌঁছানোর সুযোগ পাবে।

এনেক্স কমিউনিকেশনস লিমিটেড আশাবাদী যে এই সহযোগিতার মাধ্যমে মেট্রোরেলে বিজ্ঞাপন প্রদর্শনের অভিজ্ঞতা আরও সুগঠিত, দর্শনীয় ও সংগঠিত হয়ে উঠবে। ডিএমটিসিএলও মনে করে, এই চুক্তির ফলে মেট্রোরেলের প্রতিটি যাত্রাই শুধু গন্তব্যে পৌঁছানোর অভিজ্ঞতা নয়, বরং এটি শহরের নাগরিক যোগাযোগ ও ব্র্যান্ড-মানব সংযোগের এক নতুন মাত্রা তুলে ধরবে।