মোনাজাতে শেষ হলো তুরাগ তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা

0
35

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা, গাজীপুর ও আশপাশের জেলা থেকে লক্ষাধিক মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হন। শেষ মোনাজাতে অংশ নেন প্রায় আড়াই লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, সকাল ৮টা ৫১ মিনিটে চূড়ান্ত মোনাজাত শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। এ সময় “আমিন… আমিন…” ধ্বনিতে কম্পিত হয় পুরো তুরাগ তীর; মোনাজাতের একপর্যায়ে মাঠজুড়ে কান্নার ঢল নেমে আসে।

তিনি জানান, এবারের জোড়ে ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী দেশের মধ্যে রয়েছে— পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, চাদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিশর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।

হাবিবুল্লাহ রায়হান আরও জানান, জোড় চলাকালে মোট ৬ জন মুসল্লির মৃত্যু হয়েছে।

দোয়া শেষে কয়েক হাজার দীর্ঘমেয়াদি (চিল্লার) জামাত এবং ৩ চিল্লার জামাত আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যান। অন্যদিকে, বাকি মুসল্লিরা মোকামি কাজ ও আগামী জোড়ের প্রস্তুতি নিয়ে নিজ নিজ মহল্লায় ফিরে যান।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচনের পর টঙ্গীতে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি চলছে।